৪ এপ্রিল রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশের ডাক

ঢাকা, ২ এপ্রিল – রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। আগামী ৪ এপ্রিল বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি আগামী ৭ এপ্রিল জোটের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার সংসদ পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তারা বিগত সরকারের মতো ফ্যাসিবাদী পথে অগ্রসর হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে, সরকার প্রকৃত সংস্কারকে ধামাচাপা দিয়ে সংবিধানে কেবল কিছু সংশোধনী আনতে চাইছে। এমন পরিস্থিতিতে রাজপথের তীব্র আন্দোলন ছাড়া ১১ দলের সামনে আর কোনো বিকল্প খোলা নেই বলে তিনি মন্তব্য করেন।
এস এম/ ২ এপ্রিল ২০২৬









