চট্টগ্রাম

ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর থেকে পাচার হওয়া কনটেইনার উদ্ধার

চট্টগ্রাম, ২ এপ্রিল – ভুয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে পাচার হওয়া ৪০ ফুট লম্বা একটি কনটেইনার উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বুধবার রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর সূত্র জানিয়েছে ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের নামে আসা এই কনটেইনারটি বন্দর থেকে বের করে নেওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে নগরীর হালিশহর এলাকা থেকে উদ্ধার করা হয়।

জানা যায় গত ৩১ মার্চ কনটেইনারটি পাচারের উদ্দেশ্যে একটি জালিয়াত চক্র সিঅ্যান্ডএফ এজেন্টের ভুয়া অন-চেসিস অনুমতিপত্র চালান এবং গেইট পাস ব্যবহার করে। এরপর এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে ট্রেইলারে তুলে সিপিএআর গেইট দিয়ে কনটেইনারটি বের করে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধান চালায় এবং কনটেইনারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

পরবর্তীতে হালিশহর এলাকার একটি গ্যারেজ থেকে কনটেইনারসহ ট্রেইলারটি উদ্ধার করা হয়। তবে এ সময় কনটেইনার পাচারের সাথে জড়িত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। বন্দর সচিব জানিয়েছেন এই জালিয়াতির ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language