জাতীয়

ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ল, ১২ কেজিতে বাড়ল ৩৮৭ টাকা

ঢাকা, ২ এপ্রিল – ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বা এলপিজির দাম এক লাফে অনেকটাই বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা করা হয়েছে। এর ফলে এপ্রিল মাসে ভোক্তাদের প্রতি ১২ কেজির সিলিন্ডারের জন্য অতিরিক্ত ৩৮৭ টাকা গুনতে হবে।

বৃহস্পতিবার বিকেল তিনটায় বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বিইআরসির ঘোষণা অনুযায়ী বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী সাড়ে পাঁচ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, সাড়ে ১২ কেজি এক হাজার ৮০১ টাকা, ১৫ কেজি দুই হাজার ১৬১ টাকা, ১৬ কেজি দুই হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি দুই হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি সিলিন্ডার দুই হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও ২২ কেজি সিলিন্ডারের দাম তিন হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি তিন হাজার ৬০১ টাকা, ৩০ কেজি চার হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি চার হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি পাঁচ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৪২৮ টাকা। এর পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও নির্ধারণ করা হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ দশমিক ৭৭ টাকা।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language