মধ্যপ্রাচ্য

স্থল অভিযানে একজনও বেঁচে ফিরবে না, শত্রুদের হুঁশিয়ারি ইরানের

তেহরান, ২ এপ্রিল – ইরানের বিরুদ্ধে কোনো দেশ স্থল অভিযানের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি। তিনি সতর্ক করে বলেছেন, শত্রুরা ইরানের মাটিতে স্থল অভিযানের দুঃসাহস দেখালে তাদের একজনও জীবিত ফিরে যেতে পারবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি আলোচনার ওপরও গুরুত্ব আরোপ করেছেন।

বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি কমান্ড ও কন্ট্রোল কেন্দ্র থেকে দেওয়া এক অনলাইন ভাষণে দেশজুড়ে সেনা, বিমান প্রতিরক্ষা, বিমান এবং নৌবাহিনীর কমান্ডারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল হাতামি জানান, শত্রুদের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবিলার জন্য ইরানি সেনাবাহিনী আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি কমান্ডারদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং সঠিক সময়ে পাল্টা আঘাত হানার নির্দেশ দেন।

সেনাপ্রধান ইরানের কৌশলগত লক্ষ্য তুলে ধরে বলেন, দেশ থেকে যুদ্ধের ছায়া অবশ্যই দূর করে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি স্পষ্ট করেন, যতক্ষণ ইরানি জনগণ নিরাপত্তাহীনতায় থাকবে, ততক্ষণ কোনো এলাকাই অরক্ষিত রাখা যাবে না। একইসঙ্গে তিনি ইরানের যুদ্ধপরবর্তী পুনর্গঠন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বেপরোয়া মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তার মতে, এসব মন্তব্য মূলত ইরানের নাম ও অস্তিত্ব মুছে ফেলার মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্রের আসল উদ্দেশ্যকেই প্রমাণ করে। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ‘ইরানের জন্য সবকিছু’ নীতির অধীনে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান এই শীর্ষ সেনা কর্মকর্তা।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language