মাধবপুরে লাইনচ্যুত ট্রেন থেকে বিজিবির এক হাজার লিটার তেল উদ্ধার

হবিগঞ্জ, ২ এপ্রিল – হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর সেখান থেকে চুইয়ে পড়া প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিকটস্থ মনতলা বর্ডার অবজারভেশন পোস্টের বিজিবির একটি দল। তারা সেখানে উপস্থিত হয়ে তেল লুটপাট প্রতিরোধ করে। পরবর্তীতে সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে সেখানে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
তেল উদ্ধারের বিষয়ে বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, বিজিবির উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারিকেন সংগ্রহ করে প্রায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এই উদ্যোগের ফলে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তাও বজায় রাখা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে তেলসহ দুটি বগি ইতিমধ্যে সোজা করা হয়েছে এবং আরও দুটি বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে। তবে একটি বগি পানিতে পড়ে যাওয়ায় সেটি উদ্ধারে কিছুটা বেশি সময় লাগতে পারে।
একই সঙ্গে দুর্ঘটনায় রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামতের কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ২ এপ্রিল ২০২৬









