হামের প্রকোপ: স্কুল বন্ধ ও ৪৭ শিশুর মৃ*ত্যুর তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা, ২ এপ্রিল – দেশে হামের প্রকোপ সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব ধরনের স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি হামে আক্রান্ত হয়ে ৪৭ জন শিশুর মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিট আবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা, সংক্রমণের বর্তমান হার, টিকাদানের সার্বিক পরিস্থিতি, টিকার প্রাপ্যতা এবং এ পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে। এ ছাড়া সারা দেশে টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে ব্যর্থতা, টিকার সংকট এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বিলম্ব হওয়ার কারণ অনুসন্ধানে একটি স্বাধীন ও সময়ভিত্তিক তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। কেন যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের পাশাপাশি তদন্তের চূড়ান্ত ফলাফল আদালতের সামনে উপস্থাপনের আবেদন করা হয়েছে রিটে।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করতে না পারা এবং স্বাস্থ্যসেবা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি মূলত সংবিধানের ২৭, ৩১ ও ৩২ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। বিবাদীদের প্রতি অবিলম্বে দেশব্যাপী জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি টিকা, সিরিঞ্জ এবং প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন রাখার আবেদনও জানানো হয়েছে এই রিটে।
এস এম/ ২ এপ্রিল ২০২৬









