ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত হচ্ছে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবক

ঢাকা, ২ এপ্রিল – ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করার লক্ষ্যে সারা দেশে স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত করছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সমন্বয়ে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময়ের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪৫টি আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
এছাড়া দুর্যোগ মোকাবিলার বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার কথা ভাবছে সরকার। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সার্বিক সুরক্ষার জন্য মূল শিক্ষা কার্যক্রমে ভূমিকম্প সচেতনতা ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়াবলি অন্তর্ভুক্ত করার বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
এস এম/ ২ এপ্রিল ২০২৬









