মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পাল্টা হামলা: ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি

বৈরুত, ২ এপ্রিল – দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল আগ্রাসন মোকাবিলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডের গভীরে এবং সীমান্ত এলাকায় ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে তারা। বিশেষ করে হাইফার নিকটবর্তী কিরিয়াত আতা অঞ্চলে ইসরায়েলি সামরিক অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের রকেট বর্ষণের ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালানোর পাশাপাশি ড্রোন ব্যবহার করে ইভেন মেনাখেম বসতিতেও আঘাত হেনেছে। ওই এলাকাটি সামরিক কাজে ব্যবহারের অভিযোগ তুলে আগেই স্থানীয়দের সরে যাওয়ার সতর্কতা দেওয়া হয়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া এই অভিযানে হিজবুল্লাহ প্রায় ৬০টি সফল অপারেশন পরিচালনা করার দাবি করেছে।

এর মধ্যে ইসরায়েলি মেরকাভা ট্যাংক ধ্বংস সামরিক বিমানে সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ এবং গাজার নিকটবর্তী আশদোদ শহর পর্যন্ত ট্যাকটিক্যাল মিসাইল হামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব হামলার ফলে পুরো অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বৃহস্পতিবার ভোররাত থেকে মালকিয়া মেতুলা এবং আইনাতা এলাকায় ইসরায়েলি সেনাসমাবেশ লক্ষ্য করে দফায় দফায় রকেট ছোঁড়া হয়। সংবাদ সংস্থা আল মায়াদিন জানিয়েছে জেনায়জেল এবং ঘদামতা উচ্চভূমিতে ইসরায়েলি সাঁজোয়া যানের ওপর হিজবুল্লাহর গোলন্দাজ বাহিনী সরাসরি হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও এই রক্তক্ষয়ী সংঘর্ষে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নিয়েছে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language