মধ্যপ্রাচ্য

ট্রাম্পের ভাষণ ব্যর্থতা আড়ালের চেষ্টা, দাবি ইরানি বিশ্লেষকদের

তেহরান, ২ এপ্রিল – ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণকে নিজেদের ব্যর্থতা আড়ালের মরিয়া চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানি বিশ্লেষকরা। তাদের মতে, ট্রাম্প এখন লক্ষ্যভ্রষ্ট শিকারির মতো নিজের ব্যর্থতা ঢাকতে কাল্পনিক বিজয়ের গল্প প্রচার করছেন। হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন বা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কখনোই তার মূল লক্ষ্য ছিল না।

তবে বিশ্লেষকদের দাবি, সংঘাতের শুরুতে আমেরিকার প্রধান উদ্দেশ্য ছিল ইরানের রাজনৈতিক কাঠামো উপড়ে ফেলা এবং দেশটির সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা। সংঘাতের এক মাস পার হলেও আমেরিকা তাদের কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি বলে মনে করেন তারা। শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের দাবিকে আন্তর্জাতিক পরিসরে হাস্যকর হিসেবে দেখা হচ্ছে। বর্তমান নেতৃত্বের উত্তরসূরি হিসেবে আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির সম্ভাব্য দায়িত্ব গ্রহণকে শাসনব্যবস্থার পরিবর্তন বলা হলে তা চরম মূর্খতার পরিচায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে নিজের অক্ষমতা একপ্রকার স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দায় এড়িয়ে জানিয়েছেন, তেল সরবরাহ প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোকেই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ের চিত্র ট্রাম্পের দাবির সম্পূর্ণ বিপরীত বলে দাবি করা হয়েছে।

ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের দাবি করা হলেও সম্প্রতি ইসরায়েলের ওপর স্মরণকালের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে। বিশ্লেষকদের ধারণা, আসন্ন নির্বাচন এবং জনরোষ থেকে বাঁচতে ট্রাম্প তার পরাজয় আড়াল করে মিথ্যা সাফল্যের প্রচার চালাচ্ছেন। মূলত হরমুজ প্রণালী সচল করতে না পারা এবং ইরানের মূল প্রতিরক্ষা কাঠামো ভাঙতে ব্যর্থ হওয়াই ট্রাম্পের এই কথিত বিজয়গাথার পেছনের মূল সত্য।

এস এম/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language