শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, মন্ত্রিসভায় চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ঢাকা, ২ এপ্রিল – বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস করার একটি প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী এক দিন অনলাইনে ক্লাস হলে পরের দিন সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি আলোচনার জন্য ওঠার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের পরামর্শের ভিত্তিতে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে।
এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান জ্বালানি সাশ্রয়ে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। দীর্ঘ ৪০ দিনের রমজান ও ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুললেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট দেখা দিয়েছে তার নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে এবং যাতায়াত সীমিত করতে আংশিক অনলাইন পাঠদানকে একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। মন্ত্রিসভা এই বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









