ইসরায়েলের প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: ইরান

তেহরান, ২ এপ্রিল – ইসরায়েলিদের ভুল হিসাব এবং প্ররোচনার কারণেই যুক্তরাষ্ট্র বর্তমান যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বুধবার আল মাসরি আল ইউম পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
ইসমাইল বাঘাই জানান, বিশ্ববাসী এখন আর মার্কিন কূটনীতিতে আস্থা রাখতে পারছে না। কারণ তারা কূটনীতি ও আলোচনাকে শুধুমাত্র নিজেদের শর্ত চাপিয়ে দেওয়া অথবা শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে।
সাক্ষাৎকারে তিনি ইরানের নতুন নেতা মোজতবা খামেনির বিষয়েও কথা বলেন। তিনি জানান, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং কেবল চলমান যুদ্ধ পরিস্থিতির কারণেই তিনি জনসমক্ষে আসা থেকে বিরত রয়েছেন।
বাঘাই আরও উল্লেখ করেন, ইরানের সাধারণ মানুষ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা কূটনীতির পক্ষে নয়। এর কারণ হিসেবে তিনি জানান, যুক্তরাষ্ট্র অতীতের আলোচনাগুলোকে কেবল তাদের নিজস্ব স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে।
গত মাসে ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়েবাহ বালিকা বিদ্যালয়ে হওয়া ভয়াবহ হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট নৃশংসতার একটি জ্বলন্ত উদাহরণ বলে তিনি দাবি করেন।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তেহরান। বুধবার ইরানের এক সরকারি কর্মকর্তা ট্রাম্পের এই দাবিকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









