আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধের মামলা: জয় ও পলকের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষ্যগ্রহণ

ঢাকা, ২ এপ্রিল – মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সিআইডির ফরেনসিক এক্সপার্ট আতিকুর রহমান তার জবানবন্দি পেশ করেন। পরবর্তী সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

জবানবন্দি শেষে পলকের আইনজীবী আমিনুল গনি টিটো ও লিটন আহমেদ এবং জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম সাক্ষীকে জেরা করেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি প্রসিকিউশন আদালতে সূচনা বক্তব্য উপস্থাপন করে। সেখানে জয় ও পলককে জুলাই গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়।

গত ২১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুসারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ আসতো সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে এবং তা বাস্তবায়ন করতেন পলক।

প্রসিকিউশন দাবি করেছে যে এই কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের সামিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন ইন্টারনেট বন্ধের নির্দেশ পলক দেননি। তাদের দাবি গুজব প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

বর্তমানে এই মামলার আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন। অন্যদিকে গ্রেফতার হয়ে কারাগারে থাকা জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

এনএন/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language