মধ্যপ্রাচ্য

ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ইরানের মিসাইল হামলা

তেহরান, ২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে গত এক মাসের বেশি সময় ধরে চালানো হামলায় ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। তবে তার এই ভাষণ শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার পরমুহূর্তেই ইসরায়েলের সেনাবাহিনী ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করার কথা জানায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে এই নতুন মিসাইলগুলো ছোড়া হয়, যার ফলে ওই এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে ব্যাপক মাত্রায় হামলা চালানো হবে। এই সময়ের মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে। অন্যথায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হবে।

ট্রাম্প আরও বলেন, লক্ষ্য পুরোপুরি অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। তিনি দাবি করেন যে মার্কিন বাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ইরানে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংসের কাজ শেষ করতে পারবে।

এনএন/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language