ইরানে মার্কিন সামরিক অভিযান প্রায় শেষ পর্যায়ে: ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে মার্কিন সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
স্থানীয় সময় বুধবার এবং বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান।
ট্রাম্প উল্লেখ করেন, ইরানে তাদের চূড়ান্ত কাজ শেষ করতে সম্ভবত আর দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট জানান যে তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের বিষয়টি অত্যন্ত আনন্দের। গত চার সপ্তাহে মার্কিন সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত ও চূড়ান্ত জয় এনে দিয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি ট্রাম্প আবারও অভিযোগ করেন যে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গিয়েছিল, যদিও এর সপক্ষে তিনি কোনো সুস্পষ্ট প্রমাণ দেননি।
অন্যদিকে ইরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।
ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে আরও বলেন, ২০১৫ সাল থেকেই তিনি বলে আসছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া হবে না। তার মতে, ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধ্বংস কামনা করে।
২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে না এলে বর্তমানে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির আওতায় ইরান নিজেদের ইউরেনিয়াম মজুতের পরিমাণ কমিয়ে আনতে সম্মত হয় এবং বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









