শেরপুরে রাস্তার পাশে ফেলে রাখা ট্রাংক থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শেরপুর, ১ এপ্রিল – শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাস্তার পাশে ফেলে রাখা একটি তালাবদ্ধ ট্রাংকের ভেতর থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সকালে একটি পিকআপ ভ্যানে করে অজ্ঞাত ব্যক্তিরা সড়কের পাশে ট্রাংকটি রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হলে তীব্র দুর্গন্ধ পান। খবর পেয়ে বেলা সাড়ে বারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাংকের তালা ভেঙে ভেতরে ওই নারীর মরদেহ দেখতে পায়।
পুলিশ জানায়, মরদেহটি তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। অর্ধগলিত হওয়ায় নিহতের চেহারা ও পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই ওই নারীকে হত্যার পর মরদেহ ট্রাংকে ভরে গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রাখা হয়।
নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের জোর তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনএন/ ১ এপ্রিল ২০২৬









