ফুটবল

থাইল্যান্ডের বিপক্ষে সাগরিকার দুর্দান্ত গোল, প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

ব্যাংকক, ১ এপ্রিল – এশিয়ার চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো খেলতে নেমে চমক দেখাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। অভিষেক ম্যাচের প্রথমার্ধেই স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ৩১ মিনিটে বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মাৎ সাগরিকা চমৎকার একটি গোল করে দলকে এগিয়ে নেন।

নারী ফুটবলে থাইল্যান্ড একটি অত্যন্ত শক্তিশালী দল। তাদের সিনিয়র দল একাধিকবার বিশ্বকাপে অংশ নিয়েছে।

এর আগে বাংলাদেশ সিনিয়র দল থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই পরাজিত হয়েছিল। তবে সাগরিকারা আজ শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন।

থাইল্যান্ড সব দিক থেকে এগিয়ে থাকলেও বাংলাদেশ সমানে সমান লড়াই চালিয়ে যাচ্ছে।বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার আজ হাই লাইন ডিফেন্স কৌশল বেছে নেন। প্রথম দিকে থাইল্যান্ডের ফুটবলাররা গতির সাহায্যে বাংলাদেশের রক্ষণভাগ ভাঙার চেষ্টা করে। গোলরক্ষক মিলি দুইবার পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বিপদ মুক্ত করেন। হাই লাইন ডিফেন্সের কারণে থাইল্যান্ড একাধিকবার অফসাইডের ফাঁদেও পড়ে।

ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি আসে ৩১ মিনিটে। বাংলাদেশের অর্ধ থেকে মহতী একটি নিখুঁত থ্রু পাস দেন। থাইল্যান্ডের তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল নিয়ে তীব্র গতিতে ছুটে যান সাগরিকা। প্রায় ৪৫ গজ দূর থেকে বল টেনে বক্সের ভেতর প্রবেশ করেন তিনি। থাইল্যান্ডের গোলরক্ষক এগিয়ে এলেও সাগরিকা অত্যন্ত শান্ত মাথায় বল জালে জড়িয়ে দেন। এই গোলের পর স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা উল্লাসে মেতে ওঠেন।

পুরো প্রথমার্ধ জুড়েই বাংলাদেশ গোলের সুযোগ তৈরির চেষ্টা করেছে। মিডফিল্ডার স্বপ্না রানী দূরপাল্লার কয়েকটি শট নিলেও কোচ প্রথমার্ধেই তাকে মাঠ থেকে তুলে নেন।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language