সংগীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ডালিয়া নওশীন আর নেই

ঢাকা, ১ এপ্রিল – স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা এবং বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর আজ ১ এপ্রিল দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

প্রখ্যাত এই শিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার খালাতো বোন ও খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

তিনি জানান বেশ কিছুদিন ধরেই ডালিয়া নওশীন অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে আজ বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রখ্যাত স্থপতি মাজহারুল ইসলামের কন্যা ডালিয়া নওশীন ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী। তার এক সন্তান যুক্তরাষ্ট্রে এবং অপরজন স্পেনে বসবাস করেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনে ডালিয়া নওশীন এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে তিনি অসামান্য অবদান রাখেন। সংগীতে তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০২০ সালে তাকে একুশে পদক প্রদান করে। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language