মধ্যপ্রাচ্য

মোজতবা খামেনির অবস্থান নিয়ে জল্পনার অবসান, মুখ খুললেন রুশ রাষ্ট্রদূত

তেহরান, ১ এপ্রিল – ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রায় এক মাস পেরিয়ে গেলেও মোজতবা খামেনিকে এখনো জনসমক্ষে দেখা যায়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর বেশ কয়েকটি বিবৃতি পড়ে শোনানো হলেও তাঁর এই দীর্ঘ অনুপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা ও গুজবের জন্ম দিয়েছে। বিশেষ করে তাঁর শারীরিক অবস্থা ও বর্তমান অবস্থান নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুলেছেন ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদোভ। আরটিভিআই নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন যে মোজতবা খামেনি বর্তমানে ইরানেই অবস্থান করছেন। রুশ রাষ্ট্রদূতের মতে কিছু যৌক্তিক কারণেই তিনি আপাতত জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বভার গ্রহণ করেন। এরপরই গুঞ্জন ছড়ায় যে ওই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হয়েছেন।

এমনকি কোনো কোনো সংবাদমাধ্যমে দাবি করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপনে মস্কোয় নিয়ে যাওয়া হয়েছে। তবে সর্বোচ্চ নেতার এমন অনুপস্থিতি সত্ত্বেও ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁর প্রভাব বা জনসমর্থনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। গত এক মাসে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নতুন নেতার প্রতি তাঁদের অবিচল আনুগত্য প্রকাশ করেছেন। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলার পর এই জনসমর্থন আরও জোরালো হয়েছে।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language