জাতীয়

সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে বাংলাদেশের আহ্বান

ঢাকা, ১ এপ্রিল – সৌদি আরবে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং দেশে অর্জিত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার বা আইএলও এর ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের ফাঁকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অনুরোধ জানান। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহানও এতে অংশ নেন। বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলও তে সৌদি আরবের বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলার আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি রাজপরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া মন্ত্রী সম্প্রতি মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই সংকটকালে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের সার্বিক উন্নয়ন এবং অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সৌদি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রবল আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশে অর্জিত দক্ষতাকে দ্রুত স্বীকৃতি প্রদানের জন্য সৌদি সরকারকে বিনীত অনুরোধ জানান। এই লক্ষ্যে বাংলাদেশের কয়েকটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে সৌদি আরবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আধুনিকায়ন করার এবং অভিবাসনপ্রত্যাশী কর্মীদের আরবি ভাষা প্রশিক্ষণের বিষয়ে জোর দেওয়া হয়। এর ফলে সৌদি আরবের শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী যোগ্যতার স্বীকৃতি প্রদান অনেক বেশি সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরব শ্রম ক্ষেত্রে নিজেদের পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language