জাতীয়

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

ঢাকা, ১ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে ওয়াকআউট করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা।বুধবার বিকেলে অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে।

এদিন সংসদ অধিবেশনে স্পিকারের অনুমতি নিয়ে জুলাই সনদ ও গণভোট ইস্যু তুলে ধরেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি জানান যে এই বিষয়টি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্কিত নয়। নির্বাচনের আগে সরকারি দল এবং বিরোধী দল সবাই যে বিষয়ে একমত হয়েছিল তার কোনো প্রতিকার না পাওয়ায় তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন যে এর মাধ্যমে দেশবাসীর রায়ের প্রতিফলন হয়নি এবং বিরোধী দলে বসে তারা এই অবমূল্যায়ন কিছুতেই মেনে নিতে পারেন না। এর প্রতিবাদস্বরূপ তারা সংসদ থেকে ওয়াকআউট করার ঘোষণা দেন।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনেও রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বিরোধী দলীয় সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেছিলেন। এরপর আজ আবারও সংসদে কোনো সুনির্দিষ্ট বিষয়ে প্রতিবাদ জানিয়ে তারা ওয়াকআউট করলেন।

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি।

সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে ১১ দলীয় নির্বাচনি সমঝোতার কয়েকটি দল সংসদে প্রতিনিধিত্ব করছে যার মধ্যে রয়েছে তরুণদের নেতৃত্বাধীন দল এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসের প্রতিনিধিরা। এবারের নির্বাচনে জামায়াত জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করেছে।

এনএন/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language