ইরান যুদ্ধে মিত্রদের অসহযোগিতায় ন্যাটো ছাড়ার হুমকি ট্রাম্পের

তেহরান, ১ এপ্রিল – ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা পাশে না দাঁড়ানোয় ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পশ্চিমা সামরিক জোটটিকে একটি কাগুজে বাঘ হিসেবে আখ্যায়িত করেন। ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধে ইউরোপীয় মিত্ররা অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে, তাই তিনি ন্যাটোর সদস্যপদ প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালীতে উত্তেজনাকর পরিস্থিতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সময় ন্যাটোর কোনো সদস্য দেশ সহায়তায় এগিয়ে আসেনি। অনেক মিত্র দেশ মার্কিন বাহিনীকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি এবং পোল্যান্ড প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে অস্বীকৃতি জানিয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র সর্বদা মিত্রদের প্রয়োজনে বিশেষ করে ইউক্রেন সংকটে পাশে থাকলেও নিজেদের বিপদে কাউকে পাশে পায়নি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, মার্কিন ও ইসরায়েলি যুদ্ধে অংশ না নিয়ে ব্রিটেন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তিনি ব্রিটিশ নৌবাহিনীর সক্ষমতা নিয়ে উপহাস করে বলেন, স্টারমার সামরিক খাতে জোর না দিয়ে ব্যয়বহুল বায়ুকল স্থাপনে বেশি আগ্রহী, যা সাধারণ মানুষের জ্বালানি খরচ বাড়াচ্ছে।
একই সুরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ন্যাটো এখন একটি একতরফা সম্পর্কের জোটে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, ইরান যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই জোটের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে ন্যাটোতে যে নজিরবিহীন ফাটল ধরেছে, ট্রাম্পের এই হুমকিতে তা পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে।
এস এম/ ১ এপ্রিল ২০২৬









