কক্সবাজার

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৩ জন উদ্ধার

কক্সবাজার, ১ এপ্রিল – সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জড়ো করে রাখা ১৩ জনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র কয়েকজন নারী ও পুরুষকে আটকে রেখেছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়।

এই তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে আটকে রাখা ১৩ জন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি পুরুষ, চারজন রোহিঙ্গা পুরুষ এবং তিনজন রোহিঙ্গা নারী রয়েছেন। বর্তমানে উদ্ধার হওয়া ব্যক্তিদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language