ইরানে মার্কিন ‘লুকাস’ ও অত্যাধুনিক ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি

তেহরান, ১ এপ্রিল – ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই লোরেস্তান প্রদেশের পুলিশ খোররামাবাদ শহরে মার্কিন প্রযুক্তির এই ড্রোনটি ভূপাতিত করে। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে। এর আগে অভিযোগ উঠেছিল যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি লুকাস নামের একটি বিশেষ ড্রোন ব্যবহার করে তেহরানকে ফাঁসানোর চেষ্টা করছে।
ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে দাবি করেছে এই লুকাস ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে এবং পরে তার দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে গত মঙ্গলবার ইসফাহানের কাছে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরান।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে জানায় তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসফাহান শহরের আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি একটি এমকিউ নাইন রিপার দূরপাল্লার মনুষ্যবিহীন ড্রোন সফলভাবে ধ্বংস করেছে। এমকিউ নাইন রিপার ড্রোনটি মূলত আধুনিক যুদ্ধক্ষেত্রে নজরদারি ও হামলার জন্য বহুল ব্যবহৃত হয়ে থাকে। অত্যাধুনিক প্রযুক্তির এই প্রতিটি ড্রোনের আনুমানিক মূল্য প্রায় ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার।
এস এম/ ১ এপ্রিল ২০২৬









