রাজবাড়ী

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির তদন্ত প্রতিবেদন জমা

রাজবাড়ী, ১ এপ্রিল – রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে বাসডুবির ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। বুধবার সকালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, প্রতিবেদনে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায়দায়িত্ব সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটিসহ বেশ কিছু কারণের উল্লেখ রয়েছে। তদন্ত কমিটির প্রধান জানান, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি সুষ্ঠু তদন্তের স্বার্থে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা করা হয়েছে। এতে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে ভবিষ্যতে এমন ঘটনা রোধে কিছু সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক সুলতানা আক্তার জানিয়েছেন, প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগ বরাবর পাঠানো হবে।

সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে পদ্মায় ডুবে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ওই দিন রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language