কুমিল্লার দাউদকান্দি ও নিমসারে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

কুমিল্লা, ১ এপ্রিল – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বারপাড়া এবং নিমসারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালক ও দুই যাত্রীসহ মোট চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার সকালে ও ভোরে এই পৃথক দুর্ঘটনা ঘটে বলে দাউদকান্দি ও ময়নামতি হাইওয়ে থানা পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মহাসড়কের নিমসার বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক।
এতে ঘটনাস্থলেই উভয় যানের চালক নিহত হন এবং আহত হন আরও একজন। অন্যদিকে, ভোরে একই মহাসড়কের দাউদকান্দির বারপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী প্রাণ হারান এবং আহত হন আরও তিনজন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, বারপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এস এম/ ১ এপ্রিল ২০২৬









