২ লাখ টাকা খরচ করে কুকুরছানাকে কিন্ডারগার্টেনে ভর্তি করলেন তরুণী

বেইজিং, ১ এপ্রিল – চীনে পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণী। তিনি তার ছয় মাস বয়সী সাদা রঙের স্যাময়েড প্রজাতির কুকুরছানাকে একটি বিশেষ কিন্ডারগার্টেনে ভর্তি করিয়েছেন। সেখানে পোষা প্রাণীদের আচরণগত ও সামাজিক দক্ষতা শেখানো হয়। এই কিন্ডারগার্টেনে কুকুরটিকে ভর্তি করতে তার খরচ হয়েছে প্রায় ১২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকারও বেশি। এটি কেবল সাধারণ দেখাশোনার জায়গা নয়, বরং এখানে কুকুরছানাটির জন্য পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ও পরিচর্যার ব্যবস্থা রয়েছে।
প্যাকেজের আওতায় শুরুতে কুকুরছানাটির আচরণগত মূল্যায়ন করা হয়। তার স্বভাব, মেজাজ ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করে নির্দিষ্ট পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়। এর ফলে কুকুরটি অযথা ঘেউ ঘেউ করা বা আক্রমণাত্মক আচরণ করা থেকে বিরত থাকতে শেখে। পাশাপাশি অন্যান্য প্রাণীর সঙ্গে মিশে চলার দক্ষতা বাড়াতে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিদিন কুকুরছানাটিকে বাড়ি থেকে নিয়ে আসা এবং আবার বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধাও রয়েছে। খাবারের ব্যবস্থা থাকলেও তার জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়।
এছাড়া মালিকরা অনলাইনের মাধ্যমে সার্বক্ষণিক তাদের পোষা প্রাণীর ওপর নজর রাখতে পারেন এবং সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। কুকুরছানাটির মালিক তাওতাও জানান, কাজের ব্যস্ততার কারণে তিনি তার পোষা প্রাণীকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। তাই বাধ্য হয়েই তিনি এই বিশেষ সেবাটি বেছে নিয়েছেন। চীনে বর্তমানে এ ধরনের পোষা প্রাণীর কিন্ডারগার্টেন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
আধুনিক নগর জীবনে অনেকেই পোষা প্রাণীকে নিজেদের পরিবারের সদস্যের মতো মনে করেন। ফলে তাদের জন্য উন্নত সেবা গ্রহণের প্রবণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চায়না পেট ইন্ডাস্ট্রি হোয়াইট পেপার ২০২৬ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে চীনে শহুরে পোষা প্রাণী শিল্পের বাজার প্রায় ৩১ হাজার ৪০০ কোটি ইউয়ানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আগামী বছরগুলোতে এই বাজার আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এস এম/ ১ এপ্রিল ২০২৬









