গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৭ শিশু হাসপাতালে, আইসিইউ খোলার সিদ্ধান্ত

গোপালগঞ্জ, ১ এপ্রিল – গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলায় মোট ২০ জন শিশু এই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৩ জন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। জেলা সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানিয়েছেন, হাসপাতালে ভর্তি থাকা ৭ জন সম্ভাব্য হাম রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি নিশ্চিত করেছেন যে জেলায় হামসহ অন্যান্য সব ধরনের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। জেলার স্বাস্থ্যসেবা উন্নত করতে সব হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। খুব দ্রুত সময়ের মধ্যে এই কার্যক্রম শুরু করা হবে।
এছাড়া জেলার যেসব এলাকার শিশুরা এখনও হামের টিকা পায়নি, তাদের তালিকা তৈরি করে দ্রুত টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকদের পাশাপাশি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্বর ও অন্যান্য উপসর্গে আক্রান্তদের গভীরভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে রাজধানী ঢাকায় এক শিশুর মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এস এম/ ১ এপ্রিল ২০২৬









