সংসদে নিজেকে ‘চার দিনের শিশু’ বললেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকা, ৩১ মার্চ – জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া তার প্রথম দিকের বক্তব্যে নিজেকে একজন নবীন সদস্য হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার ৩১ মার্চ সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, এই সংসদে অনেক অভিজ্ঞ সদস্য রয়েছেন, তবে তিনি এখানে মাত্র চার দিনের শিশু। তিনি সব সংসদ সদস্যকে জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন, তারা সব সমস্যার সমাধান ন্যায্যতার ভিত্তিতে চান।
মানুষের বিপুল প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি জানান, দেশের স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এদিন সংসদে গণভোট এবং জুলাই সনদ নিয়ে আলোচনার শুরুতে জামায়াত আমির নিজেকে একটি শহীদ পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেছে এবং এর মধ্যে অনেক সরকারের পালাবদল ঘটেছে।
স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্পিকার একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা ও বীরবিক্রম। একইসঙ্গে তিনি নিজেও একটি ক্ষুদ্র শহীদ পরিবারের সদস্য বলে দাবি করেন। মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের সঙ্গে তার পরিবারের কয়েকজনের রক্ত মিশে আছে বলেও তিনি মন্তব্য করেন।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









