ধ্বংসের পথে পুরোনো বিশ্বব্যবস্থা, চলছে নতুন নেতৃত্বের সংগ্রাম: রুশ পররাষ্ট্রমন্ত্রী

মস্কো, ৩১ মার্চ – পুরোনো বিশ্বব্যবস্থা এখন সম্পূর্ণভাবে ধ্বংসের পথে রয়েছে এবং নতুন বিশ্ব নেতৃত্বের জন্য তীব্র সংগ্রাম চলছে। ন্যায্যতার ভিত্তিতে নতুন এই ব্যবস্থা একটি স্থায়ী ও বহুমুখী বা মাল্টিপোলার বিশ্বের স্থাপন করবে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব।
মঙ্গলবার রুশ আন্তর্জাতিক সম্পর্ক পরিষদের এক সভায় তিনি এসব কথা বলেন। এই সভায় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা অবিলম্বে বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে।
রাশিয়ার শীর্ষ কূটনীতিক উল্লেখ করেন যে বেসামরিক নাগরিক ও তাদের অবকাঠামোর ওপর সামরিক শক্তি প্রয়োগ অগ্রহণযোগ্য। তিনি অভিযোগ করেন বর্তমান সময়ে কিছু দেশ নিজেদের পথ হারিয়েছে এবং কোনো আইনি ভিত্তি ছাড়াই বিভিন্ন অঞ্চল দখলের অধিকার দাবি করছে।
সংঘাতে জড়িত পক্ষগুলোকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে মধ্যস্থতাসহ অন্যান্য সহায়তা প্রদানে রাশিয়া প্রস্তুত আছে বলে তিনি জানান।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিবেশীদের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাধা সৃষ্টি করছে। তারা গালফ বা জিসিসি সদস্যদের ইরানের বিরোধিতায় প্ররোচিত করছে।
নতুন বিশ্ব ব্যবস্থা গঠন প্রসঙ্গে তিনি বলেন উদীয়মান নতুন বিশ্বব্যবস্থা গড়তে পুরানো ব্যবস্থাকে ধ্বংস করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন এটি একটি স্থায়ী ও ন্যায্যতার ভিত্তিতে বহুমুখী বিশ্বের সূচনা করবে। তবে এই পরিবর্তন সাময়িকভাবে ধ্বংসযজ্ঞের মতো মনে হতে পারে। তিনি আরও বলেন নতুন বিশ্বের নেতৃত্বের জন্য সংগ্রাম অত্যন্ত তীব্র এবং এটি একটি জীবন মৃত্যুর বিষয়।
বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনও নিয়মিত লঙ্ঘিত হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। যেসব আইন দশকের পর দশক স্থিতিশীল বিশ্বব্যবস্থা নিশ্চিত করেছিল তা এখন ক্রমশ ক্ষয় হতে যাচ্ছে।
পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের বিষয়ে তিনি বলেন বর্তমানে এই সম্পর্ক মোটেও ভালো অবস্থায় নেই। তবে মস্কো সংলাপের জন্য প্রস্তুত থাকলেও তারা অযাচিতভাবে কারও পেছনে দৌড়াবে না। রাশিয়ার জন্য জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সংলাপ ও সম্ভাব্য চুক্তির জন্য দরজা খোলা রাখবে তবে তা কেবল সমান ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে হতে হবে।
যারা নিজেদের একগুঁয়ে মনোভাব পরিহার করে স্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে প্রস্তুত তাদের জন্য রাশিয়ার দরজা সবসময় খোলা। রাশিয়া পশ্চিমা নেতাদের যেকোনো প্রস্তাবের প্রতিক্রিয়ায় স্বয়ংসম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেবে।
পরিশেষে তিনি উল্লেখ করেন ব্রিকস ও এসসিও সদস্য রাষ্ট্রগুলো এখন কট্টর সাম্রাজ্যবাদীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। শুধু রাশিয়া ও চীন নয় বরং এই জোটগুলোর অন্যান্য সদস্য রাষ্ট্র এবং যেকোনো স্বাধীন শক্তিকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে বলে তিনি সতর্ক করেন।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









