জ্বালানি সংকটে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

ঢাকা, ৩১ মার্চ – দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ড কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এক বিশেষ সমন্বয় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখনো আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাসের বিষয়টি নির্দেশনার মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হবে।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে মোট ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন অফলাইনে বা সশরীরে ক্লাস নেওয়া হবে। শিক্ষকরা নিজ নিজ স্কুলে উপস্থিত হয়েই এই অনলাইন ক্লাস পরিচালনা করবেন। জোড় এবং বিজোড় দিন হিসেবে ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসগুলো পরিচালিত হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
এর আগে সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছিলেন, দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই সমানভাবে পরিচালনা করার একটি পরিকল্পনা সরকার গ্রহণ করছে।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









