জাতীয়

নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে চায় ভারত: শামা ওবায়েদ

নয়া দিল্লি, ৩১ মার্চ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের পক্ষ থেকে ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণের মধ্যকার সম্পর্ক এবং চিকিৎসাজনিত কারণে ভিসা প্রাপ্তি সহজতর হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে ভারত সরকার ইতিবাচক সাড়া দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মানব পাচার রোধ প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার চায় বিশ্বের প্রতিটি দেশে বাংলাদেশের নাগরিকরা বৈধ উপায়ে গমন করুক। এ সময় তিনি মানব পাচারের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

লিবিয়াসহ বিভিন্ন দেশে বৈধ জনশক্তি রপ্তানির সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু অসাধু চক্র ব্যক্তিগত লাভের আশায় সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে যা সরকার সম্পূর্ণভাবে বন্ধ করতে বদ্ধপরিকর।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারত এই নতুন সরকারের সঙ্গে নতুনভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

এ এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language