চুয়াডাঙ্গায় প্রাইভেটকার থেকে ৫৭৬ বোতল ফেয়ারডিল জব্দ, আটক ২

চুয়াডাঙ্গা, ৩১ মার্চ – চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৫৭৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় মাদক পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এর আগে একই দিন ভোর পৌনে ৬টার দিকে জীবননগর উপজেলার হাসাদহ বাজারের সামনের সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন পটুয়াখালী জেলার কলাগাছিয়া গ্রামের বাবু জমাদারের ছেলে জনি এবং একই এলাকার কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন। পুলিশ সুপার জানান, হাসাদহ বাজারের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হয়।
পুলিশ গাড়িটিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ ধাওয়া করে গাড়িটি থামায় এবং দুজনকে হেফাজতে নেয়। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৭৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত এলিয়েন মডেলের প্রাইভেটকারটি এবং আসামিদের চারটি স্মার্টফোন জব্দ করে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সুপার নিশ্চিত করেছেন।
এ এম/ ৩১ মার্চ ২০২৬









