আইন-আদালত

ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও অগ্নিসংযোগ: তিন মামলায় দীপু মনিকে শ্যোন অ্যারেস্ট

চাঁদপুর, ৩১ মার্চ – ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন বিভিন্ন সহিংস ঘটনায় দায়ের করা তিনটি পৃথক মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে শ্যোন অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিতির মধ্য দিয়ে তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আদালত সূত্র জানায় মামলার শুনানির সময় তিনটি মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে জিআর ৫৭৯ মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক মিন্টু দত্ত, জিআর ৫৭১ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নাদির শাহ এবং জিআর ৫৮৫ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নুরে আলম উপস্থিত থেকে আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা নাদির শাহ আদালতকে জানান ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্ট দুই দফায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই মামলার এক নম্বর আসামি ডা. দীপু মনি এবং তার নির্দেশেই অন্যান্য আসামিরা এ ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করা হয়। অন্যদিকে তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় দীপু মনির ইন্ধনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে।

এছাড়া আরেক তদন্ত কর্মকর্তা নুরে আলম জানান একই দিন শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সড়ক ভবনের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও দীপু মনির নির্দেশে সংঘটিত হয়। এই দুই মামলায়ও তাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে শুনানিকালে আসামি দীপু মনির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি নিজেই নিজের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।

এজাহারে তাকে নির্দেশ ও ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করা হলেও তিনি এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচারক তিনটি মামলাতেই তার শ্যোন অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেন। সাবেক এই মন্ত্রী বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন ফয়সালসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

এ এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language