শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি: পর্যটনমন্ত্রী

ঢাকা, ৩১ মার্চ – রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। অধিবেশনে চট্টগ্রাম তিন আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মন্ত্রীর কাছে একটি প্রশ্ন উত্থাপন করেন।
তিনি জানতে চান, ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম পরিবর্তন করে পুনরায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না এবং না থাকলে তার কারণ কী।
এই প্রশ্নের জবাবে মন্ত্রী আফরোজা খানম স্পষ্ট করে জানান, প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত সরকার এখনো নেয়নি।
মন্ত্রী আরও জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার বর্তমানে দেশের জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের দিকে মনোযোগ দিচ্ছে। তবে ভবিষ্যতে আলোচনার ভিত্তিতে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এ এম/ ৩১ মার্চ ২০২৬









