জবি ক্যাম্পাসে চাঁদাবাজির তথ্য চেয়ে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

ঢাকা, ৩১ মার্চ – জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় চাঁদাবাজদের তথ্য সংগ্রহ করতে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের সামনের রাস্তা দিয়ে চলাচলকারী পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের কোনো তথ্য বা ভিডিও ক্লিপ কারো কাছে থাকলে তা প্রশাসনকে সরবরাহ করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের বিষয়ে দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর পুরো বিষয়টি তদন্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
উক্ত ঘটনার সাথে জড়িত কোনো তথ্য বা প্রমাণাদি কারো কাছে থাকলে তা তদন্ত কমিটির কাছে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। যারা তথ্য বা ভিডিও সরবরাহ করবেন, তাদের ব্যক্তিগত পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। আগামী ২ এপ্রিল বিকেল ৪টার মধ্যে আগ্রহী ব্যক্তিদের সংশ্লিষ্ট দপ্তরে প্রমাণাদি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এস এম/ ৩১ মার্চ ২০২৬









