মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

মিরপুর-১০, ৩১ মার্চ – ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিরপুর দশ নম্বর থেকে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। মঙ্গলবার সকালে মিরপুর দশ নম্বরের ফলপট্টি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।
ডিএনসিসির অঞ্চল দুই ও চার এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল পাঁচ এর সার্ভিস প্যাকেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক জানান যে, মিরপুর দশ নম্বর থেকে তালতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক এবং এর উভয় পাশে নর্দমা নির্মাণের ফলে এই এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর করা সম্ভব হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ আগামী ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ পুরোপুরি সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সময় প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ফুটপাত দখলমুক্ত রাখতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেন। তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন কাজ শেষ হওয়ার পর ফুটপাত ও সড়কে কোনোভাবেই অবৈধ দখল বা দোকান বসানো যাবে না।
ফুটপাত যেন সাধারণ মানুষের হাঁটার উপযোগী থাকে, সেজন্য তিনি সবার কাছে প্রতিশ্রুতি প্রত্যাশা করেন এবং স্থানীয়ভাবে কাজ করার তাগিদ দেন। একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি করে যেন অর্থের অপচয় না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে পুরো কাজের পরিকল্পনা সাজানো হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া প্রতিদিন কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বৃষ্টির দিনে বেগম রোকেয়া সরণির জলাবদ্ধতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বাচ্ছন্দ্য আসবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলমসহ সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ এম/ ৩১ মার্চ ২০২৬









