আইন-আদালত

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম চৌধুরীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ঢাকা, ৩১ মার্চ – রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন শুনানির সময় আসামিকে আদালতে হাজির করা হয়নি। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, আদালত আসামির জামিন আবেদন খারিজ করে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে ছাত্র ও জনতা মিছিল করছিলেন। অভিযোগ রয়েছে, সে সময় আন্দোলন দমনে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। ওই সময় মো. ইমরান নামের এক ব্যক্তি কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মিছিলের সঙ্গে সংহতি জানিয়ে স্লোগান দিলে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তিনি মারা যান।

এই ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এর আগে গত ২৯ মার্চ রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা এই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করে। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় নেওয়া হয়।

গত সোমবার তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আবেদন মঞ্জুর করেন।

এনএন/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language