৬ এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি আশা করছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ৩১ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে আগামী ৬ এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র।
সোমবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এর আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা দশ দিনের জন্য স্থগিত রাখছে। এই স্থগিতাদেশের মেয়াদ ৬ এপ্রিল শেষ হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে ওয়াশিংটন কী অর্জন করতে চায় এমন প্রশ্নের উত্তরে লেভিট জানান ট্রাম্প মূলত একটি চুক্তিতে উপনীত হতে চাইছেন।
তিনি আরও উল্লেখ করেন যে এই সময়সীমা খুব দ্রুত ফুরিয়ে আসছে। আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে এবং নির্ধারিত দশ দিন পার হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার বিষয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনাকে কোনোভাবে ব্যাহত করার চেষ্টা করে তবে ওয়াশিংটন ইরানের সব বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র এবং উপসাগরীয় খার্গ দ্বীপ ধ্বংস করে দেবে। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ইরানের নতুন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিও সাধিত হয়েছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানিয়েছেন তারা পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার একটি প্রস্তাব পেয়েছেন।
তবে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সরাসরি কোনো যোগাযোগ হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।
এনএন/ ৩১ মার্চ ২০২৬









