গোপালগঞ্জ

গোপালগঞ্জে হামের উপসর্গে শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, আইসিইউ খোলার সিদ্ধান্ত

গোপালগঞ্জ, ৩১ মার্চ – গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুর পর জেলা সিভিল সার্জনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জেলার সকল হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। গত শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী শিশু তুবা ইসলাম তোহা মারা যায়।

সে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখ ও নাজমা বেগম দম্পতির কন্যা। এই মর্মান্তিক ঘটনার পর জেলা সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক জেলার সকল সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বিত সভা আয়োজন করেন। সভায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। সিভিল সার্জন জানান, গঠিত কমিটির সদস্যরা আগামী মঙ্গলবার ওই এলাকা পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন।

এছাড়া সন্দেহভাজন কোনো রোগী থাকলে তাদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন। চিকিৎসকদের পাশাপাশি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্ত রোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে গোপালগঞ্জের কোনো হাসপাতালে হামে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। জ্বর নিয়ে কিছু শিশু ভর্তি থাকলেও তাদের মধ্যে হামের কোনো উপসর্গ পাওয়া যায়নি। জেলার সার্বিক হাম পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হামসহ সকল রোগের পর্যাপ্ত ভ্যাকসিন হাসপাতালগুলোতে মজুত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language