জাতীয়

সিটি সুগারের ১ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি

ঢাকা, ৩১ মার্চ – সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক হাজার ৩০০ কোটি টাকা মূল্যের কর্পোরেট বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। সোমবার সংস্থাটির ১০০৬তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী অনুমোদিত বন্ডটি শতভাগ মর্টগেজ ব্যাকড বা সিকিউরড, নন কনভার্টেবল, ফুললি রিডিমেবল এবং জিরো কুপন বৈশিষ্ট্যের।

এই বন্ডের মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর এবং এর ডিসকাউন্ট রেট ১৩ দশমিক ৫০ শতাংশ। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানির কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণ পরিশোধের কাজে ব্যবহার করবে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বন্ডটির ট্রাস্টি হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি দায়িত্ব পালন করবে। শেয়ারবাজারে লেনদেনের জন্য বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত করা হবে।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language