পশ্চিমবঙ্গ

প্রেমিকাকে খুন করে দেহ টুকরো করে ফ্রিজে রাখলেন নৌসেনা কর্মী

কলকাতা, ৩১ মার্চ – ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দিল্লির শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটল। নিজের বিবাহিত জীবন বাঁচাতে প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনের পর তার দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে লুকিয়ে রাখার অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ওই নৌকর্মীর নাম চিন্তাদা রবীন্দ্র এবং নিহতের নাম পোলিপল্লি মৌনিকা। রবীন্দ্র বিশাখাপত্তনমের আইএনএস ডেগা ঘাঁটিতে কর্মরত ছিলেন। নৃশংস এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

পুলিশ জানিয়েছে, ২০২১ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে মৌনিকার সঙ্গে রবীন্দ্রর পরিচয় হয়। সেই পরিচয় পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিন তারা সম্পর্কে আবদ্ধ থাকলেও ২০২৪ সালে রবীন্দ্র অন্য এক নারীকে বিয়ে করেন। এরপর থেকেই মূলত তাদের সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দেয়। রবীন্দ্রর দাবি অনুযায়ী, মৌনিকা তার কাছ থেকে সাড়ে তিন লাখ রুপি ধার নিয়েছিলেন। এমনকি তাদের পুরোনো সম্পর্কের কথা রবীন্দ্রর স্ত্রীকে জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে মৌনিকা তাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল ও হেনস্তা করতেন।

তদন্তকারী কর্মকর্তারা জানান, কয়েক সপ্তাহ আগে রবীন্দ্রর স্ত্রী নিজের বাপের বাড়িতে গেলে রবীন্দ্র মৌনিকাকে তার বাড়িতে আমন্ত্রণ জানান। গত রবিবার বিকেলে মৌনিকা ওই বাড়িতে পৌঁছালে দুজনের মধ্যে তুমুল বিবাদ শুরু হয়। একপর্যায়ে রাগের বশবর্তী হয়ে রবীন্দ্র মৌনিকাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তিনি একটি অনলাইন মাধ্যম থেকে ছুরি কিনে মৌনিকার দেহ কয়েক টুকরো করেন। শরীরের ধড়টি তিনি বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখেন এবং পা ও কোমর একটি ট্রলি ব্যাগে ভরে রাখেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাটা মাথা এবং হাত দুটি অন্য স্থানে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর রবীন্দ্র থানায় গিয়ে নিজের অপরাধ স্বীকার করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্রিজ ও ঘরের বিভিন্ন স্থান থেকে খণ্ডিত দেহাংশ উদ্ধার করলেও কাটা মাথার সন্ধান এখনো পায়নি। ধারণা করা হচ্ছে মাথাটি অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে। নিখোঁজ দেহাংশ উদ্ধারে ইতোমধ্যে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাটি ২০২২ সালের দিল্লির শ্রদ্ধা ওয়ালকর খুনের লোমহর্ষক স্মৃতি নতুন করে ফিরিয়ে এনেছে।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language