গাজীপুর

টঙ্গীতে বিআরটি উড়ালসড়কে চলন্ত প্রাইভেট কারে আগুন

ঢাকা, ৩১ মার্চ – ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে বিআরটি বা বাস র‍্যাপিড ট্রানজিট উড়ালসড়কে একটি চলন্ত প্রাইভেট কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চেরাগআলী কাদেরিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গাজীপুরগামী ঢাকা মেট্রো গ ২৬-৫৮৩৬ নম্বরের প্রাইভেট কারটি বিআরটি উড়ালসড়কের চেরাগআলী লুপের ঢাল দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ এতে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে পড়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং গাড়িটি ভস্মীভূত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম জানান, আগুনের খবর পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।

এস এম/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language