ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন, ৯৫ ছাড়াল

নয়াদিল্লি, ৩০ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও জ্বালানি বাজারের অস্থিরতার জেরে ভারতীয় রুপির দর ইতিহাসে প্রথমবারের মতো সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
সোমবার আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে রুপির দর সর্বনিম্ন ৯৫ দশমিক ২২ এ পৌঁছায় যা এযাবৎকালের সবচেয়ে বড় পতন।
দিনের শুরুতে রুপির অবস্থান কিছুটা শক্তিশালী থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সকালে ৯৩ দশমিক ৬২ দরে লেনদেন শুরু হয়ে ৯৩ দশমিক ৫৭ পর্যন্ত উন্নতি করলেও দ্রুতই দরপতন শুরু হয়। শেষ পর্যন্ত দিনের মধ্যেই বড় ধস নেমে ৯৫ দশমিক ২২ এ অবস্থান নেয় রুপি।
এর আগে শুক্রবারও বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় মুদ্রা। সেদিন ৮৯ পয়সা পড়ে ডলারের বিপরীতে ৯৪ দশমিক ৮৫ দরে লেনদেন শেষ হয়।
বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, ভূরাজনৈতিক উত্তেজনা এবং শক্তিশালী মার্কিন ডলারের কারণে রুপির ওপর এই চাপ তৈরি হয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা বাড়ায় ডলার সূচক ১০০ এর ওপরে অবস্থান করছে যার ফলে রুপির ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে।
পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১৫ ডলারে উঠেছে। আমদানিনির্ভর অর্থনীতির দেশ হওয়ায় ভারতের মুদ্রার ওপর এই চাপ আরও প্রবল হচ্ছে।
মুদ্রাবাজারের এই নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও। সোমবার সেনসেক্স প্রায় ১ হাজার ৭০০ পয়েন্ট এবং নিফটি ৫০০ পয়েন্টের বেশি পড়ে যায়। একইসাথে বিদেশি বিনিয়োগকারীরাও শেয়ারবাজার থেকে বড় অংকের বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে রুপির ওপর এই চাপ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও দুর্বল হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।
এনএন/ ৩০ মার্চ ২০২৬









