জাতীয়

সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল ডিবি হেফাজতে, শাপলা চত্বর মামলায় আটকের সম্ভাবনা

ঢাকা, ৩০ মার্চ – পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে পাবনা থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর সবুজবাগ এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে ডিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার পর আব্দুল জলিল মন্ডল পাবনা থেকে ঢাকায় পৌঁছান। এরপর সবুজবাগ এলাকায় নিজের বাসায় প্রবেশ করলে তাকে আটক করা হয়।

মূলত তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে এবং ওই মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই বাছাই করা হচ্ছে।

জানা গেছে, পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।

পাবনা জেলার সন্তান আব্দুল জলিল মন্ডল একসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও নিযুক্ত ছিলেন।

চাকরিজীবনে তিনি নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবেও কর্মরত ছিলেন। এছাড়া তিনি মহান মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language