আর কত মানুষ মারা গেলে মন্ত্রীর অস্বস্তি হবে: সংসদে সাইফুল আলম মিলন

ঢাকা, ৩০ মার্চ – এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল বলে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি প্রশ্ন তোলেন, আর কত মানুষ মারা গেলে মন্ত্রী অস্বস্তিবোধ করবেন।
এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহনমন্ত্রী দাবি করেন, এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, বিআরটিএ এর প্রতিবেদন অনুযায়ী ঈদযাত্রায় ১৭০ জন এবং যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী ৩৫১ জন প্রাণ হারিয়েছেন।
দৌলতদিয়ায় একটি বাস পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দৌলতদিয়ায় এত মানুষ মারা গেলেও সড়ক পরিবহনমন্ত্রী সেখানে যাননি এবং নিহতদের মাত্র ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের সংসদীয় রীতির উদাহরণ টেনে তিনি মন্ত্রীর পদত্যাগ করা উচিত কি না, সেই প্রশ্নও তোলেন। এর আগে জামায়াতের আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রশ্নোত্তর পর্ব নিয়ে কথা বলেন। তিনি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে বৈপরীত্য রয়েছে বলে অভিযোগ করেন।
এর জবাবে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোনো বিভাজন নেই এবং মন্ত্রিসভার সদস্যরা অত্যন্ত যোগ্য।
এনএন/ ৩০ মার্চ ২০২৬









