জাতীয়

জ্বালানি তেলের তীব্র সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ সংসদ সদস্যদের

ঢাকা, ৩০ মার্চ – দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন সংসদ সদস্যরা। একজন সংসদ সদস্য নিজেই কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে নিজের গাড়ির জন্য তেল পাননি বলে সংসদ অধিবেশনে জানিয়েছেন।

সোমবার ৩০ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম এক আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এই অভিযোগ উত্থাপন করেন। ওই সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সময় অধিবেশনে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন। তিনি নিজেই পাম্পে ঘুরে গাড়ির জন্য তেল পাননি। এতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সহজেই অনুমান করা যায়।

তার এই বক্তব্যের প্রতি সমর্থন জানান সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। তিনি জানান, তার নির্বাচনী এলাকার পেট্রোল পাম্পগুলোতেও পেট্রোল এবং অকটেনের তীব্র সংকট চলছে। পাম্পে তেল না থাকলেও বাইরে বোতলে করে বেশি দামে ঠিকই তেল বিক্রি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এর ফলে মোটরসাইকেল চালকরা বাধ্য হয়ে খোলা বাজার থেকে চড়া দামে তেল কিনছেন এবং সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন।

জ্বালানি তেলের এই কৃত্রিম সংকট এবং সরবরাহ ঘাটতি দ্রুত নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সংসদ সদস্যরা।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language