রাষ্ট্রপতির সঙ্গে পাবনা চেম্বার অব কমার্স নেতাদের সাক্ষাৎ

পাবনা, ৩০ মার্চ – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। সোমবার পাবনা সার্কিট হাউজে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশার নেতৃত্বে সংগঠনটির সহসভাপতি ও অন্যান্য পরিচালকরা এই সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাতের সময় ব্যবসায়ী নেতারা পাবনা জেলায় ৫ হাজার মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টির একটি বিশেষ উদ্যোগের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন।
একইসঙ্গে তারা তাদের সংগঠনের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চেম্বার অব কমার্সের এই সময়োপযোগী কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন।
তিনি পাবনা জেলার স্থানীয় সম্পদ ও অমিত সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার উদাত্ত আহ্বান জানান। এই সাক্ষাত পর্বে রাষ্ট্রপতির সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ এম/ ৩০ মার্চ ২০২৬









