মধ্যপ্রাচ্য

খারগ দ্বীপে মার্কিন অভিযান ডেকে আনতে পারে ভয়াবহ বিপর্যয়

তেহরান, ৩০ মার্চ – ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপে সম্ভাব্য মার্কিন স্থল অভিযান বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারা আশঙ্কা করছেন এই অভিযানে মার্কিন বাহিনীর ব্যাপক প্রাণহানি হতে পারে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের সিনিয়র বিশ্লেষক ম্যালকম ডেভিস সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান মার্কিনিরা এই দ্বীপে প্রবেশ করলে ইরানিরা সুবিধাজনক অবস্থানে থেকে পাল্টা আক্রমণ চালানোর সুযোগ পাবে।

এর ফলে মার্কিন বাহিনীর হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এই সংঘাত নিয়ে মিশ্র বার্তা দিচ্ছেন। একদিকে তিনি শান্তি আলোচনার অগ্রগতির কথা বলছেন অন্যদিকে তেহরানের নব্বই শতাংশ তেল রফতানি নিয়ন্ত্রণকারী এই সুরক্ষিত দ্বীপে সামরিক অভিযানের পরিকল্পনাও যাচাই করে দেখছেন। সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় ইরানও বসে নেই। গত কয়েক সপ্তাহ ধরে তারা দ্বীপে অতিরিক্ত সৈন্য মোতায়েন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করেছে।

এছাড়া তারা বিভিন্ন ফাঁদ তৈরি করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিশ্লেষক ম্যালকম ডেভিস সতর্ক করে বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনী এই স্থল অভিযান শুরু করতে পারে। তার মতে বর্তমান পরিস্থিতিতে শান্তি আলোচনা বা যুদ্ধ বন্ধের খবরগুলো মোটেও বিশ্বাসযোগ্য নয়। তিনি মনে করেন খুব শিগগিরই স্থল সেনারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে কূটনৈতিকভাবে এই সংকট সমাধানের আর কোনো পথ খোলা থাকবে না।

এস এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language