তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই ক্রীড়াঙ্গন সমৃদ্ধ করার মূল পথ: মির্জা ফখরুল

ঢাকা, ৩০ মার্চ – তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণই দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশের ক্রীড়াঙ্গনে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। সঠিক পরিচর্যার মাধ্যমে খেলোয়াড়দের মেধা বিকশিত করতে পারলে বিশ্ব দরবারে আরও অনেক সম্মান বয়ে আনা সম্ভব। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্টের মাধ্যমে খেলোয়াড় তুলে আনার যে পরিকল্পনা নিয়েছেন, তা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার সঠিক পদক্ষেপ। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফখরুল আশা প্রকাশ করেন, এই ধারা অব্যাহত থাকলে ক্রীড়াক্ষেত্রে একের পর এক সাফল্য আসবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









