জাতীয়

এমপিদের ভবনের আসবাবপত্র কেনায় দুর্নীতি ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর সতর্কতা

মানিক মিয়া অ্যাভিনিউ, ৩০ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ভবনের জন্য আসবাবপত্র কেনার ক্ষেত্রে অতীতের মতো কোনো অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে কঠোর সতর্কতা উচ্চারণ করেছে সংসদীয় কমিটি। এর আগে ঘটা বালিশ, পর্দা বা ছাগল কাণ্ডের মতো দুর্নীতি এড়াতে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কেনা আসবাবপত্রের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি এগুলোর ক্রয়মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির দ্বিতীয় বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্যদের আবাসিক ভবনের সংস্কার এবং মেরামত কাজের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।

আগামী ১০ এপ্রিলের মধ্যে এসব বাসা বরাদ্দের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি শেরেবাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষের সংস্কার কাজের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। সংসদ ভবনের সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে বৈঠকে দুটি সাব-কমিটি গঠন করা হয়। এর মধ্যে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের ত্রুটিগুলো চিহ্নিত করতে রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠিত হয়েছে।

অন্যদিকে ক্যান্টিনের খাবার ও পানির মান এবং এমপি ভবনের আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের দায়িত্ব দিয়ে নায়ার ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে অপর একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।

সংসদ সদস্যদের জন্য সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠক থেকে।

একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউ এবং নাখালপাড়া এলাকার এমপি হোস্টেলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে কমিটির সদস্যদের পাশাপাশি সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ এম/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language